যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতে তিন দিনব্যাপী এই শেষ বিদায় ও শোক অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে দেখা যায়।
আয়োজকদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন কোনও তারিখ ঘোষণা করা হয়নি।
বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, যা স্থগিত করা হয়েছে। সরকারি এক কর্মকর্তা জানান, ‘লজিস্টিক’ বা ব্যবস্থাপনাগত জটিলতার কারণে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শনিবার তেহরানে গোপন বৈঠক করার সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনি নিহত হন। তার মৃত্যুর পর ইরানের সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
মার্কিন-ইসরায়েলি এই আগ্রাসনে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলার প্রতিবাদ ও পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে, যার আওতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে তেহরান।
