হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯০ শতাংশ কমেছে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯০ শতাংশ কমেছে

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আশঙ্কাজনক হারে কমছে। অধিকাংশ তেল ও গ্যাস ট্যাঙ্কার এখন এই জলপথ এড়িয়ে চলছে, কারণ তারা ইরানের হামলার ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

জ্বালানি বিষয়ক গোয়েন্দা সংস্থা ভরটেক্সা ও কেপলারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে ২৪টি ট্যাঙ্কার এই প্রণালি দিয়ে চলাচল করত। তবে ২১ থেকে ২৭ ফেব্রুয়ারির গড়ের তুলনায় ২ ও ৩ মার্চ এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

বড় বড় সামুদ্রিক বীমা কোম্পানিগুলো পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজের জন্য যুদ্ধকালীন ঝুঁকি বিমা সুবিধা বাতিল করায় সেখানে যাতায়াত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বে অপরিশোধিত তেল সরবরাহের পাঁচ ভাগের এক ভাগ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়, এবং ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তারা এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারেন।

তবে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলার জানিয়েছে, ঝুঁকি নিয়েও কিছু জাহাজ এখনও চলাচল করছে। কেপলারের প্রধান ফ্রেইট অ্যানালিস্ট ম্যাট রাইট বলেন, “অন্যান্য অনেক ধরনের নৌযান চলাচল প্রায় বন্ধ হলেও কিছু তেলবাহী ট্যাঙ্কার এখনও হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করছে।”

গত ২৪ ঘণ্টায় বিবিসি ভেরিফাই অন্তত দুটি কার্গো জাহাজ শনাক্ত করেছে, যেগুলো পূর্ব থেকে পশ্চিমে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। এছাড়া, ভারতসহ একাধিক দেশের পতাকাবাহী জাহাজের ট্র্যাকারের সংকেত হঠাৎ উধাও হয়ে গেছে।

আরও পড়ুন