ভারতের নৌ মহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার কাছে মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনার’ অন্তত ৮৭ আরোহী নিহত হয়েছেন। বুধবার ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬২ জন নিখোঁজ রয়েছেন।
এই ফ্রিগেট ২০২৪ সালেও বহুজাতিক নৌ মহড়া ‘মিলানে’ অংশ নিতে ভারতে এসেছিল। চলতি বছর ‘মিলান ২০২৬’-এ যোগ দিতে ইরানের এই যুদ্ধজাহাজ ভারতের জলসীমায় পৌঁছায়। মহড়া শেষ করে দেশে ফিরতে যাওয়ার সময় মার্কিন সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে এটি ডুবে যায়।
গত ১৬ ফেব্রুয়ারি ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছিল, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহত্তম ওই বহুজাতিক মহড়া বিভিন্ন দেশের নৌবাহিনীকে একত্রিত করবে। এর লক্ষ্য ছিল সমুদ্রসীমায় পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি করা। মহড়ার হারবার ও সি-ফেজে সাবমেরিন-বিরোধী যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা এবং তল্লাশি ও উদ্ধার অভিযানের মতো জটিল কাজে গুরুত্ব দেওয়া হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ওয়ারের সাবমেরিনের পেরিস্কোপে ধরা পড়া একটি সাদাকালো ভিডিওতে দূরে একটি বিস্ফোরণ দেখা যায়। সাবমেরিন থেকে হামলার এমন তাৎক্ষণিক দৃশ্য প্রকাশ করা নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। এটি যুদ্ধক্ষেত্র এবং তথ্য আদান-প্রদানের ধরনে বিশাল পরিবর্তন আনতে পারে।
ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন গভীরতায় থাকলেও ইরানি যুদ্ধজাহাজ এটি শনাক্ত করতে পারেনি। মিলান ২০২৬-এ অংশ নিতে আসার সময় থেকেই মার্কিন সাবমেরিন ইরানি জাহাজটিকে অনুসরণ করছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরান থেকে ভারত পর্যন্ত পুরো যাত্রাপথে মার্কিন সাবমেরিনটি গোপনে আইরিস ডেনাকে নজরদারিতে রেখেছিল।
