চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী শিশুর শ্বাসনালি কেটে হত্যা মামলার আসামি বাবু শেখ (৫০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাকিলা সুলতানা জানান, বুধবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি গ্রহণের পর ম্যাজিস্ট্রেট সাইমা আরেফিন হেমা এ নির্দেশ দেন।
মঙ্গলবার ভোররাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর পর পুলিশ বাবু শেখকে গ্রেপ্তার করে।
রোববার বিকেলে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে একটি নির্জন পাহাড়ে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
পুলিশ জানায়, বাবু শেখের সঙ্গে শিশুটির পরিবারের পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু শেখ স্বীকার করেছে যে, শিশুটিকে পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হলে সে চিৎকার শুরু করলে তার গলা কেটে দেয়।
