সরকার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি একদিন বাড়িয়ে সাত দিন করেছে। এটি মূলত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের ১৬ মার্চ অফিস করার পর ঈদের ছুটি শুরু হবে। ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে সরকার পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে, যা আগের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ ছিল। তবে, নতুন করে একদিন বাড়িয়ে ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এরসঙ্গে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি যোগ হওয়ায় তারা টানা সাতদিন ছুটি ভোগ করতে পারবেন।
