কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করতে হকারদের সরে যেতে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তবে এই আলটিমেটামের সময় পার হয়ে ১ সপ্তাহ হলেও এখনো ফুটপাত ছাড়েনি ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর পর্যন্ত আগের মতোই ফুটপাতের ওপর বেচাকেনা করতে দেখা গেছে তাদের। গত ২৫ ফেব্রুয়ারি হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ীদের ফুটপাত ছাড়তে ৩ দিনের আলটিমেটাম দেন। এসময় দেবিদ্বার পুরান বাজারে পৌরসভার কিচেন মার্কেটে ৬ মাস বিনা ভাড়ায় ব্যবসা করার আশ্বাস দেওয়া হয়। এছাড়া জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডেও স্থান নির্ধারণ করে দেওয়া হয়।
তবে, ক্ষুদ্র এসব ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নির্ধারিত স্থান দুটিতে যাননি। তাদের বক্তব্য, ওই স্থানে কাস্টমার ভিড়বে না। তারা জানান, যদি কাঁচা বাজারসহ মাছ-মাংসের বাজারও সেখানে স্থানান্তর করা যায় তবে তারা ফুটপাত ত্যাগ করবেন।
এ বিষয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলের ফলে ফুটপাতে পথচারীদের ভোগান্তি ও যানজট সৃষ্টি হচ্ছে। তাই ব্যবসায়ীদের ফুটপাত থেকে সরে যেতে বলা হয়েছিল। ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়া হবে।
