ইরানের দাবি, যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত

ইরানের দাবি, যুদ্ধে ৫০০ মার্কিন সেনা নিহত

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি দাবি করেছেন, চলমান সংঘাতে ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি এই সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “ভাঁড়ামিপূর্ণ আচরণে” প্রভাবিত হয়েছেন এবং নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জনগণকে ইরানের বিরুদ্ধে অন্যায় যুদ্ধে জড়িয়ে দিয়েছেন।

তিনি লেখেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যেই ৫০০–র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। এখন ট্রাম্পকে হিসাব করতে হবে—যুক্তরাষ্ট্র কি এখনও সবার আগে, নাকি ইসরাইল?’

পেন্টাগনের পক্ষ থেকে মাত্র ছয়জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে চারজন কুয়েতে নিহত হয়েছেন। লারিজানি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান।

তিনি সতর্ক করে বলেন, ‘গল্প এখানেই শেষ নয়’ এবং ‘ইমাম খামেনির শাহাদাতের জন্য আপনাদের বড় মূল্য দিতে হবে, ইনশাআল্লাহ।’ শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাত শুরু হয়।

এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন। সরকারি হিসাবে, চার দিনের লড়াইয়ে প্রায় ১ হাজার ৫০ জন ইরানি নিহত হয়েছে, যাদের মধ্যে ১৬৫ জন স্কুলশিশু।

ইরানের কঠোর প্রতিশোধের ঘোষণা দেওয়া হয়েছে, এবং এর অংশ হিসেবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। লারিজানি সোমবার এক বিবৃতিতে বলেন, ইরান ‘দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার যে প্রস্তাব ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি দিয়েছিলেন, তা ইরান প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন