বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পড়া পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন। শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসেবে গড়ে তোলা। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। দেশের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসি’র নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাট শিল্পের উন্নয়নে বর্তমান সরকার স্বল্প ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। সেই সাথে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনায় পাট খাতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, ‘গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ’ নামে ব্র্যান্ডিংয়ের মতো বিভিন্ন কার্যপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
প্রতীমন্ত্রী বলেন, সরকার পাট অধিদপ্তরের আওতায় ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পভুক্ত পাট চাষিদের প্রতি বছর বিনামূল্যে বীজ, সার, বালাইনাশকসহ কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। এরই মধ্যে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের ফলে পাটকে তার সোনালি ঐতিহ্যে ফিরিয়ে আনতে সহায়ক হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, পাট শিল্পের সম্ভাবনাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে অন্যতম গন্তব্য ধরে অগ্রসর হতে হবে। পাশাপাশি সোনালি আঁশের সোনালি দিন, আবারও ফিরে আসুক ঘরে ঘরে এই প্রত্যাশাও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
আগামীকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি জাতীয় পাট দিবসের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’— এই প্রতিপাদ্যে এবারের জাতীয় পাট দিবস উদ্যাপিত হচ্ছে।
