খুলনার রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যার পর পালানোর সময় অস্ত্রসহ শুটারকে আটক করার জন্য ট্রাফিক পুলিশ পরিদর্শক মাহমুদ আলমকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) কেএমপি হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার হাতে নগদ অর্থের পুরস্কার তুলে দেন। এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
৪ মার্চ রাত ৯টার দিকে মহানগরীর ডাকবাংলা মোড়ে বাটা শো-রুমের ভেতরে সন্ত্রাসীরা মাসুম বিল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পালানোর সময় মাহমুদ আলম সাহসিকতার সঙ্গে সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেন।
এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাহমুদ আলম বলেন, “ডাকবাংলা মোড় থেকে লোকজন দৌড়ে আসছিল। শুনেছি গুলি করেছে। তখন দেখি একজন রাস্তার মাঝ দিয়ে যাচ্ছে এবং কোমরে পিস্তল গুঁজে রেখেছে। আমি তাকে ধাওয়া করি এবং স্থানীয় লোকজনকে বলি, ‘তাকে ধরেন, আমি পুলিশ।'” পরে লোকজনের সহযোগিতায় তিনি সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হন।
