জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি বাজারে মন্ডল জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।

এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ঢাকা পোস্টকে তিনি এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারীর ডিমলা থানার তিতপাড়া এলাকার আব্দুল করিম (৩৪) এবং মানিকগঞ্জের দৌলতপুর থানার বিষ্ণুপুর এলাকার রফিকুল ইসলাম রফিক (৪০)। আব্দুল করিম ঢাকার সাভার এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবি বাজারের স্টেশন রোডের মন্ডল জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল মাইক্রোবাসযোগে এসে প্রথমে নৈশপ্রহরী ভুট্টু হোসেনকে হাত-পা বেঁধে ফেলে। এরপর দোকানের সিন্দুকটি রাস্তায় বের করে এনে ভেঙে প্রায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর থানায় মামলা হলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ শুরু করে। ওসি আসাদুজ্জামান বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত সাতজন গ্রেপ্তার হয়েছে। তবে মূল হোতারা এখনও গ্রেপ্তার হয়নি। তাদেরকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

তিনি জানান, আব্দুল করিমকে ঢাকার সাভার এবং রফিকুলকে মানিকগঞ্জ থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে নেওয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুণ্ঠিত স্বর্ণালংকারের কিছু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন