ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে আজ শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এ সপ্তাহে আল-আকসায় শুক্রবারের নামাজ বাতিল করা হয়েছে। নিরাপত্তা শঙ্কা এবং ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেরুজালেম ফিলিস্তিনি ভূখণ্ড হলেও ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর এটি দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে পবিত্র এ অঞ্চলের প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি সরকার।
ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম এক বিবৃতিতে বলেছেন, “জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান— যার মধ্যে আছে ওয়েস্টার্ন ওয়াল, আল-আকসা মসজিদ এবং খ্রিষ্টানদের চার্চ অব দ্য হোলি সেপালকার কাল শুক্রবার বন্ধ থাকবে। সেখানে কোনো ইবাদতকারী বা পর্যটককে প্রবেশ করতে দেওয়া হবে না।”
