এশিয়ান কাপে ভারতকে ১১ গোলের ব্যবধানে পরাজিত করলো জাপান

এশিয়ান কাপে ভারতকে ১১ গোলের ব্যবধানে পরাজিত করলো জাপান

এএফসি নারী এশিয়ান কাপে ভারতকে ১১-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে জাপান। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গেছে তারা।

শনিবার অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে জাপানের হয়ে হ্যাটট্রিক করেছেন হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। গোল উৎসবের শুরু হয় ইউজুকি ইয়ামামোতোর নৈপুণ্যে মাত্র চার মিনিটের মাথায়। প্রথমার্ধে জাপান ৫-০ ব্যবধানে এগিয়ে যায়, যার মধ্যে দুটি গোল ছিল মিয়াজাওয়ার।

বিরতির পরও একই ধারায় আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় জাপান। দ্বিতীয়ার্ধে তারা ভারতের জালে আরও ছয়বার বল পাঠায়। উয়েকি হ্যাটট্রিক পূর্ণ করেন এবং মিয়াজাওয়া ম্যাচে তার তৃতীয় গোলটি করেন।

জাপানের গোলদাতারা হলেন ইয়ামামোতো (চতুর্থ মিনিট), ইউই হাসেগাওয়া (১৩তম মিনিট), মিয়াজাওয়া (২০তম, ৩৫তম ও ৮১তম মিনিট), কিকো সেইকে (৪৫+৫তম ও ৫৫তম মিনিট), উয়েকি (৪৭তম, ৫০তম ও ৬৫তম মিনিট) এবং মায়া হিজিকাতা (৬২তম মিনিট)।

এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে জাপান। নিজেদের প্রথম ম্যাচে তারা তাইওয়ানকে ২-০ গোলে হারিয়েছিল। এখন পর্যন্ত টুর্নামেন্টে ১৩টি গোল করলেও নিজেদের জালে কোনো গোল জড়াতে দেয়নি তারা।

এই গ্রুপে তাইওয়ান ও ভিয়েতনামের সংগ্রহ ৩ পয়েন্ট করে। ভারত কোনো পয়েন্ট না পেয়ে তালিকার তলানিতে অবস্থান করছে। আগের ম্যাচে তাইওয়ান ভিয়েতনামকে ১-০ গোলে পরাজিত করে।

বর্তমানে ১২টি দল নিয়ে চলমান এই টুর্নামেন্টের শেষ আটে কোয়ার্টার ফাইনালের জন্য খেলা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়া। তাদের পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন চীনও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন