৪ দিন নিখোঁজ নারীর মরদেহ মিলল কক্সবাজার সদর হাসপাতালে লিফটের

৪ দিন নিখোঁজ নারীর মরদেহ মিলল কক্সবাজার সদর হাসপাতালে লিফটের

কক্সবাজার সদর হাসপাতালে চার দিন নিখোঁজ থাকা এক নারীর মরদেহ লিফটের নিচে পাওয়া গেছে। নিহতের নাম কোহিনুর আক্তার (৩২), তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার বাসিন্দা ও কাতারপ্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে জানা যায়, কোহিনুর ৩ মার্চ তার সাত বছর বয়সী মেয়ের চিকিৎসার জন্য হাসপাতাল যান এবং মেয়েকে ভর্তি করার পর থেকে নিখোঁজ হন। ওই দিন দুপুর ১টার দিকে তিনি লিফট ব্যবহার করে ওপরে ওঠার চেষ্টা করেন।

কোহিনুরের পরিবার নিখোঁজের বিষয়টি জানিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর তারা কোহিনুরকে খোঁজার কাজ শুরু করেন।

আজ হাসপাতালে লিফটের নিচে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, কোহিনুর লিফটে করে চারতলায় ওঠেন এবং পরে ফিরে এসে দরজা জোর করে খুলে লিফটে ঢোকার চেষ্টা করেন। সম্ভবত এরপর তার পা পিছলে যায় এবং তিনি লিফটের শ্যাফটে পড়ে যান।

ওসি জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি লিফট সংক্রান্ত দুর্ঘটনা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভাশুরের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের পরিবার চার দিন ধরে কোহিনুরকে খুঁজছিল এবং বিষয়টি পুলিশ ও র্যাবকে জানিয়েছিল। তিনি তদন্তের দাবি করেছেন।

হাসপাতালের চিকিৎসার জন্য আসা অনেকেই লিফটের সেন্সর সঠিকভাবে কাজ না করার অভিযোগ করেছেন। তারা জানান, দরজা খুলতে সমস্যা এবং লিফটের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুবক্তাগিন মাহমুদ সোহেল জানান, নিখোঁজের বিষয়টি পুলিশকে জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কোহিনুর ১টার দিকে চারতলা থেকে বের হয়ে পুনরায় লিফটের জন্য ফিরে আসেন, কিন্তু তারপর থেকে তাকে আর দেখা যায়নি। শনিবার ভোরে লিফটের নিচে দুর্গন্ধ পেয়ে কর্মীরা কোহিনুরের মরদেহ খুঁজে পান।

আরও পড়ুন