পাগলা মসজিদ কাণ্ডে কৃষকদল নেতা বহিষ্কার

পাগলা মসজিদ কাণ্ডে কৃষকদল নেতা বহিষ্কার

কিশোরগঞ্জের পাগলা মসজিদে সাংবাদিকদের উপর হামলা ও নিলামে গরু কিনে এক বছরেও মূল্য পরিশোধ না করার অভিযোগে মো. জীবন মিয়াকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ জেলা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবন মিয়াকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম এবং সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন, তবে তিনি ওই অর্থ পরিশোধ করেননি। মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার তাগাদা দেওয়া হলেও তা পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার পাগলা মসজিদে নিলাম চলাকালে জীবন মিয়ার নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে, যেখানে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু আহত হন।

আহত ফয়জুল ইসলাম বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন