দলীয় আনুগত্যের দীর্ঘদিন পর ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কারণে সিলেটের জামায়াত নেতা সালাহ উদ্দিন মিরাজ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি ইতোমধ্যে মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলামকে একটি চিঠি পাঠিয়ে তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি তার রাজনৈতিক পথচলার বর্ণনা তুলে ধরেছেন।
সালাহ উদ্দিন মিরাজ জানান, ২০০৫ সালে সংগঠনের শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৩ সালে রুকন হিসেবে দায়িত্ব গ্রহণের পর ২০১৪-২০১৭ পর্যন্ত ২৬নং ও ২০১৭-২০২২ পর্যন্ত ২৫নং ওয়ার্ডের সেক্রেটারি এবং ২০২৩ সালে ২৫নং ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, তিনি ২০২১-২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ সুরমা থানা জামায়াতের নির্বাচিত শুরা সদস্য এবং থানা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২৫নং ওয়ার্ডে দায়িত্ব পালনকালে অযাচিত সিদ্ধান্তগুলো তার কার্যক্রম বাধাগ্রস্ত করেছে।
তিনি ভবিষ্যতে দ্বীনের সেবায় ভালো কিছু করার চেষ্টা করতে চান। সাংগঠনিক দায়িত্ব পালনকালে কোনো খেয়ানত না করার দাবি করে আল্লাহর কাছে তার সময়দানকে নাজাতের উশুল হিসেবে কবুল করার প্রার্থনা করেন। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি নিজের সঙ্গে সংযুক্ত সবার জন্য দোয়া প্রত্যাশা করেছেন।
