ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মার্কিন যেকোনও জাহাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। শনিবার এক মুখপাত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের যেকোনও জাহাজের জায়গা হবে সমুদ্রের তলদেশে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, শিগগিরই মার্কিন নৌবাহিনী এই জলপথে জাহাজের চলাচল পাহারা দেবে।
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা মার্কিন বাহিনীর উপস্থিতির অপেক্ষায় রয়েছে। আঞ্চলিক যুদ্ধের কারণে এই কৌশলগত জলপথে বর্তমানে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে।
আইআরজিসি মার্কিন বাহিনীকে সতর্ক করে দিয়ে বলে, তারা এই জলপথে মার্কিন বাহিনীকে ধ্বংস করার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নৌবাহিনী এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলে পাহারা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, মার্কিনিরা যেন ১৯৮৭ সালে তাদের সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটনে’ লাগা আগুনের কথা মনে রাখে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, কেশম দ্বীপের প্ল্যান্টে হামলার জন্য আমেরিকা ‘পরিষ্কার এবং বেপরোয়া অপরাধ’ করেছে। তিনি জানান, এই হামলায় ৩০টি গ্রামের পানি সরবরাহ ব্যাহত হয়েছে, যা মারাত্মক পরিণতির সৃষ্টি করতে পারে।
