রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে মারামারিতে আলাউদ্দিন (৫৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে।
ঘটনার পর থেকে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে (রাজ মেট্রো হ ১২-৯৭৬৪) আগুন দেওয়া হয়, যা পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নেভায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক চলাকালীন দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আলাউদ্দিনের মৃত্যু হয়। তার মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ইমাম নিয়োগকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
