টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৪ শিশু

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ১৪ শিশু

জয়পুরহাটে ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে যারা টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে আদায় করেছে, তাদের বাইসাইকেল ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের সাহেব পাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটির সভাপতি মুহা: হাসিবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর সঞ্চালনায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় সফল ১৪ জন শিশুকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়, দ্বিতীয় স্থানে থাকা ১৭ জন শিশুকে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অধিকারী ৬ জনকে ১ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাহেব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন, মাওলানা জোবাইদুল ইসলাম প্রমুখ। বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে শিশুরা মোবাইল গেমস ও ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে, তাই তাদেরকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

নামাজের অভ্যাস ও নৈতিক শিক্ষার চর্চা শিশুদের ভবিষ্যতে সমাজ গঠনে দায়িত্বশীল হিসেবে গড়ে তুলবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। নতুন বাইসাইকেল ও পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। উপস্থিত অভিভাবকরাও মসজিদ কমিটির এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান।

আরও পড়ুন