‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতেই সংসদে সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়’

‘পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতেই সংসদে সংরক্ষিত নারী আসন নির্ধারিত হয়’

বাংলাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের ঘটনার মূল কারণ রাজনীতির চরিত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। তিনি জানান, জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে কাদের মনোনয়ন দেওয়া হবে, তা পুরুষতান্ত্রিক মানসিকতার পুরুষেরা নির্ধারণ করেন।

৭ মার্চ শনিবার জাতীয় প্রেসক্লাবে সিপিবির আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সংসদে সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০ জন নারী পুরুষতান্ত্রিক পুরুষদের দ্বারা নির্বাচিত হন। নারীদের জন্য এ প্রক্রিয়া এখনও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে। টাকা দিয়ে ভোট কেনা, মাস্তানি ও প্রশাসনিক কারসাজির এই অপরাজনীতির বিরুদ্ধে নারীরা প্রতিরোধ গড়তে পারছেন না।

জলি তালুকদার আরও বলেন, বাংলাদেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনাবলির পেছনের মূল কারণ রাজনীতি। তিনি উল্লেখ করেন, সরকারি দলের সদস্যদের পরিচিতি আছে, কিন্তু বিরোধী দলের সদস্যরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন।

আলোচনা সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন বলেন, দেশে ক্ষমতার পটপরিবর্তন হলেও প্রতিহিংসা ও হয়রানির রাজনীতি অব্যাহত রয়েছে। আমাদের সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এমনকি যাদের পছন্দ হয় না, তাদের সঙ্গেও ন্যায়ের পক্ষে থাকতে হবে।

এছাড়াও আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দীপ্তি দত্ত, চিকিৎসক আখতার বানু, সিপিবি ও কৃষক সমিতির সদস্য লাকী আক্তার, সিপিবির ঢাকা দক্ষিণের নারী শাখার সম্পাদক মমতা চক্রবর্তী এবং বস্তিবাসী ইউনিয়নের প্রেসিডেন্ট কুলসুম বেগম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন