নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখমের পরদিন তার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৬ মার্চ) বাগাতিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়েরের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। পরদিন শনিবার (৭ মার্চ) রাতে তার ছোট ভাই ইয়াকুব আলীর ওপরও সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল খায়েরের ওপর হামলা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শনিবার রাতে ইয়াকুব আলীর ওপর হামলার ঘটনা ঘটে। আহত ইয়াকুব আলী জানান, হামলাকারীদের মধ্যে মিরাজ, তার ছেলে মেহেদী ও সাইফুলসহ কয়েকজন ছিল। তারা আগের দিন তার বড় ভাই ইমামের ওপর হামলায় জড়িত ছিল।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পৌরসভার টুনিপাড়া মহল্লার সাবেক কমিশনার মহসিন আলী বলেন, একই পরিবারের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
