রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকের সামনে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।
এ সময় একটি রিকশায় স্থাপিত সাউন্ডবক্সে শেখ মুজিবের দেওয়া ভাষণ বাজতে শোনা যায়। সেখানে ইমিসহ বামপন্থি ছাত্রসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলের আশপাশে পুলিশ উপস্থিত থাকলেও শুরুতে কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আজ সৈকতকে আটকের প্রতিবাদে আমরা এই কর্মসূচি পালন করছি।
কিছুক্ষণ পর একদল শিক্ষার্থী এসে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক বহনকারী রিকশাটি সরিয়ে দেয় এবং মাইক খুলে ফেলারও চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে সংশ্লিষ্টদের শাহবাগ থানায় নিয়ে যায়।
পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। তারা ‘মুজিববাদ মুর্দাবাদ’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী জানান, আটক হওয়া আসিফ আহমেদ সৈকত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জানান, সৈকত গত ১৫ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাতেও জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
এর আগে, শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ আহমেদ সৈকতকে চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ আটক করে পুলিশ।
