তেল কিনতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত

তেল কিনতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাক-বিতণ্ডার জের ধরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নিরব আহমেদ, তিনি কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় লোকজন জানায়, নিরব আহমেদ শনিবার রাতে বোতলে তেল নিতে আসেন। পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করলে কিছুক্ষণ পর আবারো ফিরে আসেন। অন্য এক ব্যক্তিকে তেল দেওয়া দেখে প্রতিবাদ জানালে পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নিরবকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, পাম্পকর্মীদের হামলায় যুবক নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনতা তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে ভাংচুর চালায়। নিহতের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাধাসিধে মানুষ ছিলেন। সামান্য বাকবিতণ্ডায় পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় তাকে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, নিরব আহমেদ পাম্পে তেল নিতে আসেন এবং বাকবিতণ্ডার জেরে কর্মীরা তাকে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন