সেন্টমার্টিনের জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি

সেন্টমার্টিনের জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি

সেন্টমার্টিনের জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ১১ দফা দাবি জানিয়েছে ‘টেকনাফ-সেন্টমার্টিন জেলে পরিবার’, সংহতি গণতান্ত্রিক ছাত্র জোট এবং সেন্টার ফর ক্রিটিক্যাল ডিসকোর্স (সিসিডি)।

রোববার (৮ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় টেকনাফ-সেন্টমার্টিন জেলে পরিবারের সদস্য মো. জোবায়ের বলেন, ‘গত ৬ মাস ধরে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় ৪০০ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে দেশে ফিরে আসেন। কিন্তু তাদের শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয়।’

মো. জোবায়ের আরও বলেন, ‘ফেরত আসা জেলেদের বয়ান অনুযায়ী, তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে এবং তারা দাস শ্রমিকের মতো কাজ করেছেন। দেশে ফিরে আসার পরও তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, আরাকান বাহিনী তাদের ট্রলারগুলোও ফেরত দেয়নি, ফলে তাদের পরিবারগুলি অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

জোবায়ের বলেন, ‘সেন্টমার্টিন দ্বীপের বাস্তবতা আরও কঠিন। মাছ ধরা বন্ধ থাকার কারণে অনেক পরিবার অনাহারে দিন কাটাচ্ছে। দারিদ্র্য ও অনিশ্চয়তার কারণে অনেকে পূর্বপুরুষের জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।’

জেলে পরিবারগুলো তাদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে এবং ১১ দফা দাবি উপস্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, আরাকান বাহিনীর হাতে আটক সব জেলেকে দেশে ফেরত আনা, দেশে ফিরে আসা ৭৩ জন জেলের জন্য জরুরি চিকিৎসা ব্যবস্থা করা, এবং সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ে তোলা। এছাড়াও, সেন্টমার্টিনের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন