চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায় এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক মো. শফিকুল ইসলাম অভিযোগ করেছেন যে, দুর্বৃত্তরা তার বাসার আলমারি ভেঙে নগদ আড়াই লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার চুরি করেছে।
রোববার (৮ মার্চ) ভোরে উত্তর কাট্টলীর বাসায় এই ঘটনা ঘটে। শফিকুল ইসলাম চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকের সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তিনি জানান, তার শ্বশুর সম্প্রতি মারা গেছেন এবং শাশুড়ির দেখাশোনার জন্য তারা গত কয়েকদিন নিচতলায় অবস্থান করছিলেন। শনিবার (৭ মার্চ) রাতে তিনি পরিবারসহ নিচতলায় ঘুমিয়েছিলেন।
রোববার সকালে উপরে উঠে তিনি দেখেন দরজা ভেতর থেকে বন্ধ এবং নামাজ ঘরের ইমার্জেন্সি দরজা খোলা ছিল। তিনি বলেন, চোরেরা তার বড় ও ছোট মেয়ের গত কয়েক বছরের জমানো টাকা এবং স্ত্রীর জমানো টাকার ব্যাংকসহ মোট আড়াই লাখ টাকার নগদ এবং ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। পুলিশের কাছে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন।
