জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জাতীয় নির্বাচনের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং পরিকল্পিতভাবে তাদের একাধিক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে এনসিপি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।
রোববার (৮ মার্চ) বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি বরিশাল বিভাগ কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, নির্বাচনের ফলাফলে কারচুপির কারণে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতাকে পরাজিত দেখানো হয়েছে। তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীও পরিকল্পিতভাবে হারানো হয়েছে।
তিনি আরো বলেন, নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা করছে এবং বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলের চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, যদি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তাহলে আন্দোলন দমবে না বরং নতুন নেতা তৈরি হবে। তরুণ ভোটার ও সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে সচেতন হয়ে উঠেছে।
তিনি বলেন, আগামী ১২ মার্চ সংসদের অধিবেশনে সংস্কার পরিষদ গঠন না হলে আন্দোলনে নামতে হবে। ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
