আগামীর অর্থনীতি ঋণ নির্ভর নয়, বরং বিনিয়োগ নির্ভর হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেন, অর্থনীতি বিনিয়োগ নির্ভর না হলে কখনো টেকসই হয়না। ঋণ নির্ভর হয়ে কোথাও অর্থনীতিকে টেকসই করা যায়নি। আমরা ঋণ নির্ভর না হয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে বিশ্বাসী।
রোববার (৮ মার্চ) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘চ্যালেঞ্জ অ্যান্ড দ্য ওয়ে ফরোয়ার্ড ফর দ্য নিউ গবর্নমেন্ট ইন দ্য স্টক মার্কেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারটি আয়োজন করেছে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
প্রফেসর তিতুমীর বলেন, আমরা একটি বড় প্রত্যাশার মধ্যে আছি যে, একটি বড় অর্জন হবে। তবে, বর্তমানে পুঁজিবাজার বড় একটি ধসের মধ্যে আছে। তিনি বলেন, মূলত আগের মডেলটা টেকসই ছিলো না। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে, অর্থনীতি বিনিয়োগ নির্ভর না হলে কখনো টেকসই হয়না।
তিনি বিনিয়োগের ক্ষেত্রে আস্থার গুরুত্ব তুলে ধরেন এবং বিএনপির ইশতেহারে বিনিয়োগবান্ধব পরিবেশের রোডম্যাপ উল্লেখ করেন। তিতুমীর বলেন, আমরা ঋণ নির্ভরতা থেকে বিনিয়োগ নির্ভর হতে চাই এবং জনগণকে অর্থনীতিতে অংশগ্রহণ করাতে চাই।
তিনি পুঁজিবাজারের স্বচ্ছতা ও নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়নে জোর দেন এবং কোম্পানিগুলোর জন্য প্রত্যয়ন সনদের স্বচ্ছতা নিশ্চিত করতে বলেন।
তিনি বলেন, বিমান কেনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বন্ড মার্কেট থেকে অর্থ নিয়ে করা যায় কিনা, সেটিতে গুরুত্ব দেওয়া হবে। শেয়ারবাজারকে সর্বসাধারণের মালিকানার অংশীদার প্লাটফর্ম হিসেবে মূল্যায়ন করতে হবে।
সেমিনারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, বিগত দিনে সরকার পুঁজিবাজারে গুরুত্ব দেয়নি। বর্তমান সরকার এই জায়গায় গুরুত্ব দিচ্ছে, যার প্রমাণ নির্বাচনী ইশতেহারসহ সব ক্ষেত্রে দেখা যাচ্ছে।
আরেক আলোচক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান বলেন, গত দুই দশকে পুঁজিবাজারে যে লুটপাট হয়েছে, সেটির পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রিয়াদ মাহমুদ বলেন, তালিকাভুক্ত কোম্পানি দুর্নীতি করেছে, ভবিষ্যতেও করবে। তিনি খারাপ কোম্পানির সঙ্গে ভালো কোম্পানির মৌলিক পার্থক্য থাকতে হবে বলে উল্লেখ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি মনির হোসেন।
