মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারীর অধিকার কেবল স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে।
আজ রোববার আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নারীর ক্ষমতায়নে ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৭৮ সালে নারী উন্নয়নের জন্য বিশেষ মন্ত্রণালয় গঠন করা হয় এবং নারীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়। বর্তমানেও বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য, বিশেষ করে প্রাণিসম্পদ খাতে।
প্রতিমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে নারীর মর্যাদা ও ভূমিকার গুরুত্বের কথা উল্লেখ করেন এবং সরকারের নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথাও জানান।
তিনি জানান, পরিবারে নারীর সম্মান ও স্বাবলম্বীতা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ নারীদের নামে দেওয়ার চিন্তা করা হয়েছে। বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অধিকাংশ নারী তাদের সমর্থন করেন।
অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে প্রতিমন্ত্রী নারী কর্মকর্তাদের মাঝে নারী দিবস উপলক্ষ্যে ক্রেস্ট বিতরণ করেন।
