সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাসের আহ্বান

সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাসের আহ্বান

দেশে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, যারা সরকার পতনের জন্য উসকানি দিচ্ছেন, তাদের স্থিতিশীলতার কথা ভাবতে হবে। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে বাসার ইট খুলে নিয়ে আসবে। এগুলো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে এবং সেই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। আব্বাস বলেন, ১৮ বছর পর একটি গণতান্ত্রিক সরকার এসেছে। দয়া করে সরকারকে কাজ করতে দেন। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে—এই সরকারকে রাখা যায় কিনা।

সরকারের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। একই সঙ্গে গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা এই সরকারকে পতনের জন্য চেষ্টা করছেন, তাদের বলবো- সবার আগে দেশ। দেশটাকে আগে স্থিতিশীল হতে দিন।

অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন।

আরও পড়ুন