ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুগপৎ হামলার আজ অষ্টম দিন। শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় তেহরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের ওপর হামলা শুরু করেছে।
আক্রান্ত দেশগুলোর বেশিরভাগই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা ‘আরব লিগের’ সদস্য। আরব লিগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত বলেন, ইরান এই সদস্য দেশগুলোর বিরুদ্ধে ‘বেপরয়া’ হামলা চালাচ্ছে এবং এটি একটি ‘বড় ধরনের কৌশলগত ভুল।’
আজ রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মহাসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিশর থেকে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইরানের হামলা ‘কোনো দিক দিয়েই যৌক্তিক নয়’ এবং আক্রান্ত আরব দেশগুলো ‘চলমান যুদ্ধে অংশ নিচ্ছে না।’
তিনি দাবি করেন, ‘তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো হামলা চালাতে পারবে না বা তাদের আকাশসীমা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে হামলা হবে না।’ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান পরমাণু আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান, তবে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় সেই উদ্যোগ ভেস্তে যায়।
আবুল ঘেইত আরও বলেন, ‘ওমান, কাতার ও মিশরসহ বেশ কয়েকটি আরব দেশ ইরানসহ সমগ্র অঞ্চলকে যুদ্ধের নিদারুণ আঘাত থেকে মুক্ত রাখার জন্য ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছে।’ একই সময়ে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতে চারজন নিহত হয়েছেন এবং ১১২ জন আহত হয়েছেন।
এছাড়াও, বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালানো হয়েছে এবং কুয়েতের একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান বোমাবর্ষণের মধ্যেই ইরান এসব পাল্টা হামলা চালাচ্ছে বলে জানা গেছে।
