জুলাই সনদ নিয়ে আদালতের রুল জারি এখতিয়ার বহির্ভূত

জুলাই সনদ নিয়ে আদালতের রুল জারি এখতিয়ার বহির্ভূত

জুলাই জাতীয় সনদ অস্বীকার বা বিতর্ক সৃষ্টি করা বর্তমান সরকারের জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণভোট বাস্তবায়নে নাগরিক ফোরাম আয়োজিত ‘জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি : সরকার ও নতুন সংসদের কাছে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, জুলাই সনদ একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল। তাই এ বিষয়ে আদালতের রুল জারি করা বা হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত। এই সনদ সাধারণ দলিল নয়, বরং এটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এক রাজনৈতিক ঐকমত্য। একে প্রশ্নবিদ্ধ করা গণঅভ্যুত্থানের চেতনাকে অস্বীকার করার সমান।

তিনি আরও বলেন, ‘আমরা বস্তুত রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদটি দীর্ঘ আলাপ-আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়েছে।’ তিনি সতর্ক করেন যে, যদি নতুন করে জটিলতা সৃষ্টি করা হয়, তবে তা হবে চরম আত্মঘাতী।

ড. বদিউল আলম বলেন, বর্তমানে অনেকেই সংবিধানের মধ্যে সব সমাধান খোঁজার চেষ্টা করছেন, অথচ এই সরকার গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত। তাই সমাধানও জনগণের সার্বভৌম অধিকারের জায়গায় খুঁজতে হবে।

তিনি আদালতের হস্তক্ষেপ ও ‘ডকট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন’ প্রসঙ্গে বলেন, আইন শাস্ত্রে নীতিগত বা রাজনৈতিক সমঝোতার বিষয়ে আদালত হস্তক্ষেপ করে না। জুলাই সনদ একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল। তাই এ বিষয়ে আদালতের রুল জারি করা বা হস্তক্ষেপ করা এখতিয়ার বহির্ভূত।

বদিউল আলম সতর্ক করে বলেন, অহেতুক বিতর্ক বা বিভক্তি সৃষ্টি করলে রাজনৈতিক অনৈক্য তৈরি হবে। তিনি বলেন, এই অনৈক্যের সুযোগ নিয়ে অপশক্তিরা ফিরে আসার পথ খুঁজে পেতে পারে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদের রক্তের ঋণ পরিশোধ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আলোকচিত্রী শহিদুল আলম, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সরোয়ার তুষার, মঞ্চ-২৪ এর আহ্বায়ক ফাহিম ফারুকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং উচ্চ আদালতের আইনজীবী ব্যারিস্টার শিশির মনির প্রমুখ।

আরও পড়ুন