জামালপুরের মেলান্দহে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছোট ছেলের বিরুদ্ধে মামলা করেছেন তার মা।
রোববার (৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর হক। মামলাটি দুপুরে দায়ের করেন নিহতের মা মাসুমা বেগম।
গতকাল রাত ৮টার দিকে পারিবারিক কলহের জেরে বৈমাত্রেয় ভাই হাসিব তার বড় ভাই মাসুদকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে মাসুদের মাথার খুলি ফেটে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. ওবায়দুর হক জানান, নিহতের মা বাদী হয়ে তার ছোট ছেলে হাসিবকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
