কুষ্টিয়ায় তালা ভেঙে সরকারি তিন দপ্তর তছনছ করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় তালা ভেঙে সরকারি তিন দপ্তর তছনছ করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ায় তালা ভেঙে সরকারি তিন দপ্তরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) রাত ৩টার দিকে মিরপুর উপজেলা পরিষদের ভেতরে এই ঘটনা ঘটে। ভাঙচুরের শিকার দপ্তরগুলো হলো উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্টার অফিস ও জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা মিরপুর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে তালা ভেঙে অফিসগুলোতে ভাঙচুর চালায়। সকালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং আলমারি ভাঙা ও ফাইল ছড়িয়ে ছিটিয়ে থাকার চিত্র দেখেন।

মিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা ঈশিতা আক্তার বলেন, সকালে অফিসে এসে পেছনের জানালার গ্রিল ভাঙা অবস্থায় দেখতে পান। তিনি জানান, অফিসের ভেতরে প্রবেশ করে সব আলমারি ভাঙা এবং ফাইলপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। তবে এখান থেকে কোনো কিছু চুরি যায়নি।

মিরপুর উপজেলা সাব রেজিস্ট্রার মাহফুজ রানা বলেন, তার অফিসের দরজার তালা ভাঙা ছিল এবং ভেতরে প্রবেশ করার পর সব আলমারি ভাঙা দেখে তিনি জানান, কোনো কাগজপত্র খোয়া যায়নি। সিসি ক্যামেরা দেখে দেখা যায়, রাত ৩টা ৪ মিনিট থেকে ৩টা ১৬ মিনিটের মধ্যে দুইজন ব্যক্তি মাফলার মুখে পেঁচিয়ে ভাঙচুর করেছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের প্রকৌশলী মিজানুর রহমান জানান, তার অফিসেও গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ফাইলপত্র তছনছ করা হয়েছে, তবে কোনো ফাইল গায়েব হয়নি।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়েছে এবং সেখানে একজন বয়স্ক ব্যক্তি রাত ৩টার দিকে প্রবেশ করে ভাঙচুর করেছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত করছেন। তবে এখন পর্যন্ত কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।

আরও পড়ুন