নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের নিতাইগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। সোমবার (৯ মার্চ) সকালে পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে, যখন ছিনতাইকারীরা তাঁর সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন এবং টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁর সঙ্গে একটি মোটরসাইকেলও ছিল।
ঘটনার সময় তিনজন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এবং সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়। তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য পুলিশ পোশাকে ছিলেন।
পুলিশের একাধিক টিম ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য কাজ করছে।
