রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানা ও ২১টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রানা, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হন এবং তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। বালিয়াকান্দি ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন যে বাজারে কোনো পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে, যার ফলে ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়, ফলে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা জানিয়েছেন, কীভাবে আগুন লাগলো তা কেউ বলতে পারছেন না। ঈদের আগে এমন ক্ষতি পুষিয়ে ওঠার বিষয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপসহকারী পরিচালক মো. সোহেল রানা বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তিনজন ফায়ার ফাইটার আহত হন। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে কাজ করেছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
