শ্রীপুরে প্রসূতির মৃত্যু: হাসপাতাল ভাঙচুর, কর্তৃপক্ষ নিরুদ্দেশ

শ্রীপুরে প্রসূতির মৃত্যু: হাসপাতাল ভাঙচুর, কর্তৃপক্ষ নিরুদ্দেশ

গাজীপুরের শ্রীপুরে সিজারিয়ান অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ স্বজনরা একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। আজ সোমবার ভোর ৩টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘লাইফ কেয়ার হাসপাতালে’ এই ঘটনা ঘটে।

মৃত প্রসূতির নাম রুমা আক্তার (২৫), তিনি শ্রীপুর উপজেলার পটকা এলাকার রশিদ মিয়ার মেয়ে। পরিবারের সদস্যদের দাবি, রুমাকে গতকাল রোববার রাত ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পর তার অবস্থার অবনতি ঘটে এবং ভোর ৩টার দিকে তিনি মারা যান। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে বলে জানানো হয়েছে।

রুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজন ও স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রশীদ জানিয়েছেন, প্রসূতি মৃত্যুর অভিযোগ পাওয়ার পর শ্রীপুর উপজেলা প্রশাসনের একটি দল মোবাইল কোর্ট পরিচালনার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিকুল ইসলামও ঘটনাস্থলে উপস্থিত থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। একদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালেই পড়ে ছিল, তবে দায়িত্বরত কেউ সেখানে ছিলেন না। তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছেরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

আরও পড়ুন