নারী এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের গতি বাড়ানো এবং মাঝমাঠকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে এই পরিবর্তনগুলো করেছেন কোচ পিটার বাটলার।
আজকের ম্যাচে চার ডিফেন্ডার ও পাঁচ মিডফিল্ডার নিয়ে দল সাজানো হয়েছে। একাদশে সবচেয়ে বড় চমক হিসেবে সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা সিদ্দিকীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের দুই ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামলেও এবার প্রথমবারের মতো মূল একাদশে জায়গা পাচ্ছেন।
দলের ভারসাম্য ফেরাতে রক্ষণভাগে শিউলি আজিম এবং মাঝমাঠে উমেলা মারমা ফিরেছেন। গোলপোস্টের নিচে আবারও তরুণ গোলরক্ষক মিলি আক্তারের ওপর আস্থা রাখা হয়েছে। অভিজ্ঞ রুপনা চাকমার বদলে মিলি আগের দুই ম্যাচে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়েছেন, যা কোচিং স্টাফকে সন্তুষ্ট করেছে।
একাদশ থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের নবীরণ, মাঝমাঠের আইরিন এবং ফরোয়ার্ড শামসুন্নাহার সিনিয়র। বাংলাদেশের একাদশে রক্ষণভাগে শিউলি আজিম, শামসুন্নাহার, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু; মাঝমাঠে মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, উমেলাহ মারমা, আনিকা রানিয়া সিদ্দিকী; এবং গোলরক্ষক হিসেবে মিলি আক্তার স্থান পেয়েছেন।
