পারিবারিক বিবাদের জেরে জামাই সোহনলাল শাশুড়ির নাক কাঁচি দিয়ে কেটে নিয়ে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জালোর জেলার সারওয়ানা থানায়।
ভুক্তভোগী কাইলি দেবী (৫২) বর্তমানে গুজরাটের মেহসানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে যে, সোহনলাল নাকের কাটা অংশটি হাতে নিয়ে এলাকা থেকে চলে গেছেন।
প্রায় ৬ বছর আগে কাইলি দেবীর মেয়ে সরিতার সঙ্গে সোহনলালের বিয়ে হয়। বিয়ের পর থেকে দম্পতির মধ্যে অশান্তি চলছিল এবং সরিতা বাবার বাড়িতে অবস্থান করছিলেন। একাধিক বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি।
গত শনিবার দুপুরে ফের ঝগড়ার সময় কাইলি দেবী থানায় অভিযোগ করতে যাওয়ার পথে সোহনলাল তার ওপর আক্রমণ করেন। কাঁচি দিয়ে শাশুড়ির নাক কাটার পর সোহনলাল পালিয়ে যান।
রক্তাক্ত অবস্থায় কাইলি দেবীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেহসানার হাসপাতালে ভর্তি করা হয়। কাইলি দেবীর স্বামী বাবুলাল খিচড় জামাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, সোহনলাল বিশ্বাস করতেন যে তার শাশুড়িই সব অশান্তির মূলে। বর্তমানে অভিযুক্ত জামাই পলাতক রয়েছে এবং তার খোঁজে তল্লাশি চলছে।
