হাদি হত্যায় জড়িত চক্র শনাক্তের দাবি বোনের

হাদি হত্যায় জড়িত চক্র শনাক্তের দাবি বোনের

হাদির বোন মাসুমা হাদি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডের পেছনে জড়িত পুরো চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া ফয়সালকে শাস্তি দিলে প্রকৃত বিচার হবে না। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।’

হাদির পরিবার এ হত্যাকাণ্ডের সাথে জড়িত পুরো গ্যাংকে সামনে আনার দাবি জানিয়েছে। মাসুমা হাদি বলেন, ‘শুধু ফয়সালকে দায়ী করে অন্যদের রক্ষা করা হলে সেটি কখনোই ন্যায়বিচার হবে না।’

তিনি গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের দ্রুত বিচার প্রক্রিয়ার আওতায় আনার পাশাপাশি ভারতের মাটিতে আটক ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শনিবার রাতে উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকায় শহীদ শরীফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিক্রিয়া হিসেবে দেশজুড়ে বিভিন্ন মহল থেকে দ্রুত বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন