কুড়িগ্রামে সোমবার (৯ মার্চ) দুপুরে ‘বিনা লাভের বাজার’ শুরু হয়েছে। ‘যে দামে ক্রয়, সেই দামে বিক্রয়’ স্লোগানে সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট এই বাজারের আয়োজন করেছে পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন এলাকায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়ন ও মনিটরিং শাখার উপপরিচালক ফারিহা নিাশত। এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হালিম, সদর যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার এবং ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পৌর শহরের জলিল মিয়া বলেন, ‘বাজারে যে জিনিসের দাম, তাতে আমাদের মতো গরিব মানুষদের সমস্যা পড়তে হয়। খবরটি শুনে বাজারে খরচ নিতে আসলাম। এখানে দেখলাম, বাজারের চেয়ে অনেক কম দামে সবজি পাওয়া যাচ্ছে।’
ফাইট আনটিল লাইটের নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, বিনা লাভের বাজারে এক হালি ডিম ২৮ টাকা, শসা ১৬ টাকা, শিম ও আলু ১২ টাকা করে, পেঁয়াজ ও ফুলকপি ২২ টাকা করে, ধনিয়া পাতা ৩০ টাকা, বরবটি ৬৮ টাকা এবং বেগুন ৫ টাকা দামে কেজি বিক্রি করা হচ্ছে। বাজারটি দুপুর ২টা থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে।
