পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকরা ফাঁদ ব্যবহার না করে নতুন পদ্ধতিতে খেত থেকে পাখি তাড়াচ্ছেন। পাখির আক্রমণ থেকে বীজ রক্ষায় তারা জমির চারপাশে রঙিন পলিথিন টাঙাচ্ছেন। বাতাসে দুলতে থাকা এসব পলিথিনের শো-শো শব্দে পাখিরা ভয় পেয়ে উড়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে তরমুজ, সূর্যমুখী, ভুট্টা ও মুগডালের আবাদ শুরু হয়েছে। তবে জমিতে বীজ বপনের পর শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখির ঝাঁক এসে তা খেয়ে ফেলার কারণে কৃষকরা বিপাকে পড়ছিলেন। অনেকেই কয়েকবার বীজ রোপণ করেও তা টিকিয়ে রাখতে পারছিলেন না।
এ অবস্থায় কৃষকরা জমির বিভিন্ন স্থানে লাঠি পুঁতে রঙিন পলিথিন টাঙাতে শুরু করেছেন। এতে করে বাতাসের কারণে পলিথিনের শব্দ ও নড়াচড়ায় পাখিরা জমিতে বসছে না। পলিথিনের পাশাপাশি পুরোনো ক্যাসেটের ফিতা, প্লাস্টিকের বস্তা ও কাকতাড়ুয়া ব্যবহারও করা হচ্ছে।
স্থানীয় কৃষক সোহরাব হোসেন জানান, তিনি দুইবার বীজ রোপণ করেও পাখির আক্রমণে সফল হতে পারেননি। পরে পলিথিন টাঙানোর পদ্ধতি গ্রহণ করার পর বীজ এখন নিরাপদ রয়েছে। কৃষক জালাল প্যাদা বলেন, পাখিরা বীজ নষ্ট করছিল, তাই খেতের চারপাশে পলিথিন টাঙিয়েছেন।
আরেক কৃষক দীপক জানান, আগে তারা এই পদ্ধতি জানতেন না, তাই ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। বর্তমানে পলিথিন টাঙানোর ফলে পাখিরা আর বীজ নষ্ট করতে পারছে না। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, কৃষকদের এই পদ্ধতিটি কার্যকর এবং এটি একটি সহজ ও কম খরচের উপায়। তিনি আশা করেন, কৃষকদের মধ্যে এই পদ্ধতি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
