ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ছোড়া ড্রোন মোকাবিলায় কিয়েভের কাছে ১১টি দেশ সহায়তা চেয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। সোমবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের ছোড়া ড্রোনগুলো মোকাবিলায় সহায়তা চেয়েছে ১১টি দেশ। ইরানের প্রতিবেশি দেশ, ইউরোপীয় কয়েকটি রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশের কাছ থেকে অনুরোধ এসেছে। প্রাণহানি এড়ানো, ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ইউক্রেনের অভিজ্ঞতা নিয়ে দেশগুলোর আগ্রহ দেখা যাচ্ছে।

এদিকে, রাশিয়ার ছোড়া ইরানের তৈরি বিভিন্ন মাত্রার ড্রোনের নৈশকালীন হামলা প্রতিহত করে ইউক্রেন দাবি করেছে যে, তাদের বিশ্বমানের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে উঠেছে।

অন্যদিকে, তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সোমবার পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ওই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি ওই ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ তুরস্কের গাজিয়ানটেপে পড়েছে, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, দেশের ভূখণ্ডের ওপর আসা যেকোনও হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা আরও জানিয়েছে, “তুরস্ক সুপ্রতিবেশিসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়, তবে দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন