বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে এই হামলা চালান। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ভিডিও ফুটেজে দেখা যায়, বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে একদল লোক ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। হামলাকারীরা চেয়ারম্যান ও তার লোকজনকে মারধর করতে করতে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে চেয়ারম্যান হুমায়ূন কবির দৌড়ে পরিষদের ভেতরে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের ভিডব্লিউবি (VWB-Vulnerable Women Benefit) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলা প্রশাসন অভিযোগের তদন্তে ইউনিয়ন পরিষদে একটি দল পাঠায়। তদন্তে আসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। তিনি জানান, প্রাথমিক তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
এই সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন এবং তদন্ত চলাকালেই হামলার ঘটনা ঘটে। হামলার পর হামলাকারীরা চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, “আমাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমিও সামান্য আহত হয়েছি।”
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, “সাংবাদিক ও প্রশাসনের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে, যা ন্যাক্কারজনক।”
হামলার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলামের বিবৃতিতে উল্লেখ করা হয়, হামলায় বিএনপির স্থানীয় নেতাদের জড়িত থাকার কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া জানান, হামলার বিষয়টি শুনেছেন এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, হামলার আগে তিনি পরিষদে ছিলেন, কিন্তু হামলার ঘটনা ঘটবে তা বুঝতে পারেননি।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, হামলার একটি ভিডিও ফুটেজ দেখেছেন এবং ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
