ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক পোস্টের বরাতে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে ইতামার বেন-গিভর উপস্থিত ছিলেন এবং তিনি আহত হয়েছেন।’ তবে স্কট রিটার এই পোস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি।
তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনো প্রমাণ বা ক্ষতির নিশ্চিত তথ্য উপস্থাপন করা হয়নি। বরং নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি ও ইসরাইলি গণমাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার প্রতিবেদনকে যুক্ত করে এই দাবি করা হয়েছে। এছাড়াও, জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি সফর স্থগিত করা হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপের তথ্যও উল্লেখ করা হয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। গত ৭ মার্চ নেতানিয়াহু ইসরাইলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহতদের দেখতে গিয়েছিলেন।
এটি প্রথমবার নয় যে ইরানি সংবাদমাধ্যম নেতানিয়াহুর মৃত্যু নিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। চলমান যুদ্ধের মধ্যেই ২ মার্চ পূর্বে কিছু ইরানি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহুর দপ্তর ধ্বংস হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া সহ অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘গুজব’।”
