কুড়িগ্রামে সরকারি ওষুধ পাচারের চেষ্টা করার সময় হাসপাতালের এক স্টোরকিপারকে আটক করেছে পুলিশ। রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের সময় এ ঘটনা ঘটে।
সোমবার রাত ৮টার দিকে রৌমারী পৌর শহরের একটি কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অভিযান চালিয়ে ফারুক হোসেন নামের ওই স্টোরকিপারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার পিস মেট্রোনিডাজল ট্যাবলেট ও ১৮টি ওজন মাপার যন্ত্র জব্দ করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশি তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
