যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। নীল অর্থনীতি খাতে বিনিয়োগ, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার এবং শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়েছে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্টের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত করেছেন।

বৈঠকে তারা বিনিয়োগের সুযোগ তৈরি, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতার পরিধি বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। উভয় পক্ষ চলতি মাসের শেষের দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন।

যুক্তরাজ্যের বাংলাদেশ-বিষয়ক বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ড. খলিলুর রহমান এবং হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা এভিয়েশন খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

এছাড়া, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদের ব্রিটিশ প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতা কামনা করেন। দুই দেশের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও নির্বাচনে বিদ্যমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন