১২ মার্চ সংসদে যাবো, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ মার্চ সংসদে যাবো, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষমতাসীন বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কার সভা বাস্তবায়ন করা না হলে তারা ১২ মার্চ সংসদ ভবনের সামনে যাবেন।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন। পাটওয়ারী বলেন, “অভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছিল, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে অনেকেই সংসদে গেছেন। ১২ তারিখ সংসদ অধিবেশন হবে, তবে এখানে রিফর্ম অ্যাসেম্বলি বা সংস্কার সভার অধিবেশন হওয়ার কথা।”

তিনি বলেন, “তারেক রহমান গণভোটে হ্যাঁ দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেটি তার মুখের কথা। সরকারকে দ্রুত সংস্কার সভা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।” সংসদে সন্ত্রাস, মাস্তান ও দুর্নীতিবাজদের নিয়ে অধিবেশন হলে চলবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাটওয়ারী আরও বলেন, “লোকজন আমাকে গঠনমূলক কথা বলতে বলছেন। খুলনায় ভারতের একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য হুমকি। এটা দ্রুত বন্ধ করতে হবে। শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছে, তারা ভারতের বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে।”

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং ১১ দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন