ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে তেলের দাম হ্রাস

ট্রাম্পের মন্তব্যে বিশ্ববাজারে তেলের দাম হ্রাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। মঙ্গলবার, গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ দাম ওঠার পর তেলের দাম হ্রাস পায়। ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে’ এবং এই মন্তব্যের পরপরই তেলের দাম কমতে শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ১৭ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৭৯ ডলারে নেমে এসেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৮১ ডলার বা ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯০ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, সোমবার তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল, যা সৌদি আরব ও অন্যান্য দেশের সরবরাহ কমানো এবং মার্কিন-ইসরায়েলি যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটানোর আশঙ্কার কারণে হয়েছিল। পরে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করে ইরান যুদ্ধ দ্রুত সমাধানের প্রস্তাব দেন। এই কথোপকথনের ফলে তেলের দাম কিছুটা কমে আসে।

ট্রাম্প সিবিএস নিউজকে জানান, তিনি বিশ্বাস করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুবই দ্রুত শেষ হবে’ এবং ওয়াশিংটন চার থেকে পাঁচ সপ্তাহের সময়সীমার চেয়ে অনেক এগিয়ে আছে।

ডিবিএস ব্যাংকের এনার্জি সেক্টরের টিম প্রধান শুভ্র সরকার বলেন, ‘ট্রাম্পের মন্তব্যে বাজার শান্ত হয়েছে। যদিও গতকাল দাম বাড়তে দেখা গেছে, সেটা অতিরিক্ত প্রতিক্রিয়া ছিল। আজকের দাম কমে যাওয়া ও একইভাবে অতিরিক্ত প্রতিক্রিয়া।’ তিনি আরও জানান, ‘মার্কিন ও মধ্যপ্রাচ্যের তেলের দাম এখনও ১০০ ডলারের ওপরে, তাই বাস্তব পরিস্থিতিতে খুব পরিবর্তন হয়নি।’

ট্রাম্পের মন্তব্যের জবাবে, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, তারা ‘যুদ্ধের শেষ নির্ধারণ করবে’ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে কোনো তেল রপ্তানি হবে না।

আরও পড়ুন