ভোলার চরফ্যাশনে জীবিত থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রে মৃত মো. ইসমাইল (৩৭) নামের এক কৃষক নাগরিক সেবা গ্রহণে বিপাকে পড়েছেন। ইসমাইল চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন চর ফকিরা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
প্রায় চার মাস আগে চরফ্যাশন উপজেলা সদরের ফ্যাশন স্কয়ারের একটি দোকানে সিম কিনতে গেলে এনআইডি যাচাইয়ের সময় দোকানদার তাকে জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঙ্গুলের ছাপ মিলছে না। এরপর তিনি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে জানানো হয় যে, তিনি জাতীয় পরিচয়পত্রে মৃত।
বিষয়টি শুনে হতভম্ব হয়ে পড়ে ইসমাইল। নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই মাস ধরে নির্বাচন অফিসে ঘুরলেও জীবিত হতে পারেননি। ইসমাইল অভিযোগ করে বলেন, “আমি সশরীরে উপস্থিত থাকার পরও কাগজে-কলমে আমাকে মৃত দেখানো হয়েছে।”
এই ভুলের কারণে সিম কেনাসহ অন্যান্য জরুরি নাগরিক সুবিধা তিনি পাচ্ছেন না। উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) মো. আলীমুদ্দিন জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনলাইন অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে অনুমোদন পেলেই ডাটাবেজে তাকে পুনরায় জীবিত হিসেবে দেখানো সম্ভব হবে।
