মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের জেরে অন্তত ৪০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এর পর রাতে হাসান মুন্সী পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালায় নিহত আলমগীরের পক্ষের লোকজন। হামলার পর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বাড়িতে আগুন দেওয়া হয়।
এ সময় আরও অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ইট ও গাছ ফেলে ঘটনাস্থলে প্রবেশের রাস্তা বন্ধ করে দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেখানে পৌঁছাতে বেগ পোহাতে হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এছাড়া, জানা যায়, নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিগত বছরগুলোতে এলাকা কিছুটা শান্ত থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে পরিস্থিতি আবারও উত্তাল হয়ে উঠেছে।
এ ঘটনায় মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে।
