ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বলেছেন মিঠুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে যা বলেছেন মিঠুন

বর্তমান ক্রিকেট বোর্ড এবং ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে, যা বিসিবির সর্বশেষ নির্বাচনের পর থেকে শুরু হয়েছে। ক্রীড়া সংগঠকরা জানিয়ে দিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে তারা কোনো লিগে অংশ নেবেন না। এ সমস্যা সমাধানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

মিঠুন আজ মঙ্গলবার গণমাধ্যমকে জানান, ‘আমি ইতোমধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বিস্তারিত জিনিসগুলো আমি উনার সঙ্গে আলোচনা করেছি। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন বিষয়টা দ্রুত সমাধান করবেন।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে আমি চাই মাঠে খেলা হোক। (কারো হস্তক্ষেপে যদি) মাঠে যদি খেলা ফেরে আমি নিশ্চিত আপনিও খুশি হবেন, আমরাও খুশি হবো।’

মিঠুন জানান, সংকট সমাধানে একাধিকবার বিসিবির কর্তাদের সঙ্গে যোগাযোগ করেও তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এখন কারো সঙ্গে যোগাযোগ করার খুব একটা চেষ্টা করি না। কারণ আমি আগে অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয় নাই, কোনো সমাধান দিতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই আমরা খেলোয়াড়রা মাঠে খেলা চাই, আমরা মাঠে খেলতে চাই। সেটা যেই জাইগায় সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করে মাঠে খেলা ফিরে আসুক, একমাত্র এটাই আমাদের চাওয়া।’

মিঠুন বলেন, ‘এটা তো আমার বিষয় নয় যে কোন বোর্ড থাকবে না, কোন বোর্ড আসবে। আমার বিষয় হচ্ছে খেলা হচ্ছে কি না। আমি আমার বিষয় নিয়েই আছি। বাকিটা কোন বোর্ড আসলে খেলা হবে বা হবে না, এগুলো চূড়ান্ত করার জন্য আমাদের সরকার, ক্রীড়া পরিষদ বা অন্যান্য যারা সিদ্ধান্ত নেন, তারা খুব ভালো বুঝবেন বিষয়গুলো।’

আরও পড়ুন